বিটিআরসিতে ৩ দিনব্যাপী ইন্টারনেট গভর্ন্যান্স সেমিনার শুরু
রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনের সম্মেলন কেন্দ্রে শুরু হলো তিন দিনব্যাপী ১৮তম বাংলাদেশ ইন্টারনেট গভার্নেন্স ফোরাম-২০২৩ বিষয়ক সেমিনার। বৃহস্পতিবার বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার-এর সভাপতিত্বে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে.এম আবদুস সালাম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (BIGF) এর যৌথ উদ্যোগে সেমিনারে মোট ৮টি সেশনে প্রযুক্তিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা, টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের প্রতিনিধি এবং বিটিআরসির কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে বাংলাদেশ বর্তমানে যে অবস্থানে এসেছে তা সারা বিশ্বের জন্য রোল মডেল । গত ২৬ বছরে দেশের প্রায় শতভাগ এলাকা মোবাইল নেটওয়ার্ক কাভারেজের আওতায় এসেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ সেবার মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেটের দামের বৈষম্য হ্রাস পেয়েছে। তবে এই স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করতে হলে প্রতিটি নাগরিককে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন হতে হবে।
সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার বলেন, টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নে (R&D) বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তাই ইন্টারনেট কানেক্টিভিটি সম্প্রসারণের পাশাপাশি সকলের জন্য স্মার্ট ডিভাইসের সহজলভ্যতাও নিশ্চিত করতে হবে। মানুষের দৈনন্দিন জীবনধারায় ইন্টারনেট অপরিহার্য হয়ে ওঠায় ডিজিটাল সংযুক্তি ও টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নে বিটিআরসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্মানীত অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সিনিয়র সচিব কে.এম আবদুস সালাম বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার কর্তৃক গৃহীত ডিজিটাল বাংলাদেশের যে যাত্রা শুরু হয়, তার সুফল দেশের সকল মানুষের নিকট পৌঁছে গেছে। গত ১০ বছরে ডিজিটাল খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ডিজিটাল ট্রান্সফরমেশনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গঠনের যে রূপকল্প গ্রহণ করা হয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হবে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আ.হ.ম বজলুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (BIGF) এর মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু, মতামতভিত্তিক নিউজ পোর্টাল ভিউস বাংলাদেশ সম্পাদক রাশেদ মেহেদী, এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. কাজী ফয়সাল বিন সিরাজ এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর’স বাংলাদেশ এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার ।
এছাড়াও বিটিআরসি ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমুশনার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ ও অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রথম দিনে ‘Internet becomes a human right in Smart Bangladesh’ এবং ‘The internet we want empowering all people in Bangladesh’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে বক্তব্য প্রদান করেন বিটিআরসি’র লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন , বিটিআরসি’র সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগে. জেনা. মো. খলিল-উর-রহমান, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মইনুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শাহ আলম চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর, আর্টিকেল-১৯ দক্ষিণ এশিয়া এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকী ফারহানা ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের সকল মানুষকে কানেক্টিভিটির আওতায় নিয়ে আসতে এবং ডিজিটাল রুপান্তর এর সুফল জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে দেশের অধিকাংশ উপজেলাকে উচ্চগতির ফাইবার অপটিক ক্যাবলের আওতায় নিয়ে আসা হয়েছে। আলোচনায় নেটওয়ার্ক কাভারেজ, নিরবচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট, স্মার্ট ডিভাইস এবং ডাটামূল্যের সহজলভ্যতা, ডিজিটাল অবকাঠামো বিনির্মাণের ওপর গুরুত্বরোপ করেন বক্তারা । টেকসই ইন্টারনেট সুবিধা, ইন্টারনেটের অর্থবহ ব্যবহার এবং এ খাতে গবেষণা অত্যন্ত জরুরি বলেও মতামত প্রদান করেন তারা।
প্রসঙ্গত, সেমিনারের দ্বিতীয় দিন চারটি বিষয়ে আলোচনা করবেন বক্তারা। এ দিন The internet we want empowering all women in Bangladesh: progress, Challenges, opportunities and way forward/cyber security, cyber crime and online safety’; Bangladesh Women IGF Closing ceremony ;The Internet we want : Meaningful Connectivity in rural Bangladesh ও Accountability of social media platform এবং তৃতীয় দিনে The internet we want: meaningful and sustainable internet management ও Bangladesh road to Kingdom of Saudi Arabia-UNIGF 2024: GDC and Summit of the Future 2024 নিয়ে দুইটি অধিবেশন অনুষ্ঠিত হবে।







